বাংলাদেশের গামেন্টস পণ্য নিয়ে ইতালির রাভেনা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছাড়ল এমভি সোঙ্গা চিতা নামের জাহাজটি।
সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বন্দরের এনসিটি ইয়ার্ডের চার নম্বর জেটি থেকে আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজ ছেড়ে যায়। জাহাজটি ৯৮৩ একক রফতানি পণ্যবাহী কনটেইনার নিয়ে রওনা হয়েছে।
এর আগে গত ১৭ জানুয়ারি এমভি সোঙ্গা চিতা ৯৪৫ একক খালি কনটেইনার এবং সাতটি আমদানিকৃত পণ্য বোঝাই কনটেইনার নিয়ে ইতালির বন্দর থেকে রওনা দিয়ে ৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এত দিন চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর বা শ্রীলঙ্কার বন্দর ঘুরে ইতালি বা ইউরোপের দেশে যেতে হতো। এতে স্বাভাবিকভাবে সময় লাগত ২৪ থেকে ২৮ দিন। এখন সরাসরি জাহাজ সেবা চালু হওয়ায় সময় কমার পাশাপাশি নতুন বিকল্প পথ তৈরি হয়েছে।
করোনা মহামারির প্রভাবে গত বছর থেকে বিশ্বজুড়ে কনটেইনার পরিবহনের ভাড়া বাড়তে থাকে। স্বাভাবিক সময়ের চেয়ে ভাড়া পাঁচ থেকে দশ গুণ বেড়ে যায়।
আবার নানা সংকটের কারণ জাহাজে কনটেইনার পরিবহনের নিশ্চয়তাও পাওয়া যাচ্ছিল না। এতে বিদেশি ক্রেতাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। কারণ বিদেশি ক্রেতাদের প্রতিনিধি ফ্রেইট ফরোয়ার্ডাররা বাংলাদেশে বেসরকারি ডিপোগুলোতে পণ্য বুঝে নেন। এরপর বিদেশি ক্রেতাদের খরচেই তা নেওয়া হয় তাদের নিজ দেশে। ফলে চট্টগ্রামে পণ্য বুঝে নিলেও তাদের যেমন পরিবহনে বেশি খরচ হচ্ছিল, তেমনি তারা সময় মতো পণ্য হাতে পাচ্ছিলেন না।
এমন পরিস্থিতিতে ইতালির ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান আরআইএফ লাইন ও এটির সহযোগী প্রতিষ্ঠান ক্যালিপসো কোম্পানিয়া ডি নেভিগেশন নতুন এই সেবা চালু করেছে। মূলত ইতালির ক্রেতাদের সহযোগিতায় ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠানটি এই সেবা চালু করেছে।
















