চট্টলা নিউজ: চট্টগ্রামে নার্সিং কাউন্সিল পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার সহ তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে নার্সিং ও মিডওয়াইফারী পড়ুয়া শিক্ষার্থীরা।
রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরের প্রবর্তক মোড়ে আন্দোলন শুরু করে তারা।
তিন দফা দাবি হলো- বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত ‘পেশেন্ট কেয়ার টেকনোলজি’ কোর্সকে নার্সিং কোর্সের সমমর্যাদায় অন্তর্ভুক্ত করা যাবে না, পরিবার কল্যাণ পরিদর্শিকাদের (এফডব্লিউবি) মিডওয়াইফসের পদমর্যাদা দেওয়া যাবে না এবং ৪৮ ঘণ্টার মধ্যে নার্সিং কাউন্সিলের পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে।
বাংলাদেশ স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মো. আমিনুল ইসলাম বলেন, নার্সিং ও মিডওয়াইফস শিক্ষার্থীরা যোগ্যতার পরিচয় দিয়ে পড়তে এসেছে।
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল এবং কারিগরি পেশেন্ট কেয়ার টেকনোলজির মধ্যে কোর্স ক্যারিকুলামেরও পার্থক্য রয়েছে। এছাড়া পুরো ৩ বছরে মোট ৩৩টি বিষয়ে পড়ালেখা করতে হয় শিক্ষার্থীদের।
অপরদিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা এসএসসি পাস করে নামেমাত্র কয়েকটি বিষয়ে পড়ালেখা করে এবং ১৮ মাসে একটি কোর্স সম্পন্ন করে, যা কখনোই ডিপ্লোমা ইন মিডওয়াইফারী কোর্সের সমতুল্য নয়।
দাবি মানা না হলে আন্দোলন চলমান রাখার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

















