অস্ত্র নিয়ে রাউজান পুলিশের জালে সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান

194

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সিরাজদৌলা ওরফে সিরাজকে (৫৮)কে দেশীয় তৈরি একটি বন্দুক ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

Advertisement

অস্ত্র বিক্রির খবরে সোমবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ কারিমুল্লাহর সেনিটারি দোকানের পাশে অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে।

গ্রেফতার সিরাজ পশ্চিম গুজরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মগদাই গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে। তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল।

গ্রেফতার সিরাজের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে থানায় ৭টি মামলা রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, অস্ত্র বিক্রির গোপন খবরে অভিযান চালিয়ে ফের অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় আরো একটি মামলা দায়ের করে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Advertisement