ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ১১ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সকে। টুর্নামেন্টে এটি মুম্বাইয়ের প্রথম জয় ও কলকাতার প্রথম পরাজয়।
মঙ্গলবার (১৩ এপ্রিল) চেন্নাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় উইকেট জুটির দৃঢ়তা সত্ত্বেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মার ৩২ বলে ৪৩ ও সূর্যকুমার যাদবের ৩৬ বলে ৫৬ রানের দুই ইনিংসে ভর করে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৫২ রান। ইনিংসের শেষ বলে শেষ উইকেটটি হারিয়ে অলআউট হয়ে যায় মুম্বই।
রোহিত ও সূর্যকুমার ছাড়া দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন কেবল হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া, দুই ভাই-ই করেন ১৫ রান করে। কলকাতার পক্ষে ১৫ রানের খরচায় ৫ উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল। এছাড়া প্যাট কামিন্স শিকার করেন ২ উইকেট। সাকিব ৪ ওভার বল করে ১ উইকেট শিকার করেছেন মাত্র ২৩ রানের খরচায়।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় কলকাতা। ২৪ বলে ৩৩ রান করে শুবমান গিল সাজঘরে ফিরলেও হাল ছাড়েননি নিতিশ রানা। সাজঘরে ফেরার আগে ৪৭ বলে ৫৭ রান করেন তিনি, হাঁকান ৬টি চার ও ২টি ছক্কা।
গিল ও রানাকে হারানোর পর একটু চাপে পড়ে যায় কলকাতা। পাঁচে নেমে সাকিবের সামনে ছিল ব্যাট হাতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার সুযোগ। ৯ বলে ৯ রান করা বাংলাদেশি অলরাউন্ডার ক্রুনালের বলে সূর্যকুমারের হাতে তালুবন্দী হন ছক্কা হাঁকাতে গিয়ে। রাহুল ত্রিপাঠি ৫ ও অধিনায়ক মরগান তার আগেই সাজঘরের পথ ধরেন, যথাক্রমে ৫ ও ৭ রান করে।
শেষদিকে চাপ ও দায়িত্ব বর্তায় দীনেশ কার্তিক ও আন্দ্রে রাসেলের কাঁধে। কিন্তু মুম্বাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে রান বের করতে হিমশিম খেতে হয়। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে কলকাতার সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান। শেষ ওভারে ১৫ বলে মাত্র ৯ রান করে আউট হন রাসেল। ১১ বলে ৮ রান করে অপরাজিত থাকেন কার্তিক।
সংক্ষিপ্ত স্কোর
টস : কলকাতা নাইট রাইডার্স
মুম্বাই ইন্ডিয়ান্স : ১৫২/১০ (২০ ওভার)
সূর্যকুমার ৫৬, রোহিত ৪৩
রাসেল ১৫/৫, কামিন্স ২৪/২, সাকিব ২৩/১
কলকাতা নাইট রাইডার্স : ১৪২/৭ (২০ ওভার)
রানা ৫৭, গিল ৩৩, সাকিব ৯
চাহার ২৭/৪, বোল্ট ২৭/২
ফল : মুম্বাই ইন্ডিয়ান্স ১১ রানে জয়ী।
















