হারারেতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতেছে সফরকারী পাকিস্তান। সিরিজের শেষ ম্যাচে বাবর আজমের দল জিতেছে ২৪ রানের ব্যবধানে।
রবিবার (২৫ এপ্রিল) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান জড়ো করে পাকিস্তান। দলের পক্ষে এদিনও দুর্দান্ত ছিলেন উইকেটরক্ষক ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
পুরো ২০ ওভার ক্রিজে টিকে থেকে ৬০ বলের মোকাবেলায় ৫টি চার ও ৩টি ছক্কার মাধ্যমে ৯১ রান করেন রিজওয়ান। এছাড়া অর্ধশতক হাঁকান অধিনায়ক বাবর আজম। ৪৬ বলের মোকাবেলায় ৫টি চার হাঁকিয়ে ৫২ রান করেন তিনি। জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেটই শিকার করেন আগের ম্যাচের জয়ের নায়ক লুক জংওয়ে।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরুই পেয়েছিল জিম্বাবুয়ে। ১০ রান করে তারিসাই মুসাকান্দা সাজঘরে ফিরলেও ওয়েসলে মাধেভেরে ও তাদিওয়ানাশে মারুমানি বিপর্যয় সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন।
দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৬৫ রানের জুটি। তবে মাধেভেরে ৪৭ বলে ৫৯ ও মারুমানি ২৬ বলে ৩৫ রান করে বিদায় নিলে খেই হারিয়ে ফেলে স্বাগতিক দল। এরপর সতীর্থদের যাওয়া-আসা দেখার ফাঁকে ব্রেন্ডন টেলর মোকাবেলা করেছেন ২২ বল, তাতে রান করেছেন সাকুল্যে ২০। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান।
পাকিস্তানের পক্ষে হাসান আলী ৪ ওভার বল করে মাত্র ১৮ রানের খরচায় চারটি উইকেট শিকার করেন। দুটি উইকেট শিকার করেন হারিস রউফ। হাসান ম্যাচসেরার পুরস্কার পেলেও সিরিজসেরা হয়েছেন রিজওয়ান।
সংক্ষিপ্ত স্কোর
টস : পাকিস্তান
পাকিস্তান : ১৬৫/৩ (২০ ওভার)
রিজওয়ান ৯১*, বাবর ৫২
জংওয়ে ৩৭/৩
জিম্বাবুয়ে : ১৪১/৭ (২০ ওভার)
মাধেভেরে ৫৯, মারুমানি ৩৫
হাসান ১৮/৪, রউফ ৩৪/২
ফল : পাকিস্তান ২৪ রানে জয়ী।

















