‘অসহায় রোগীর একমাত্র আশ্রয়স্থল হচ্ছে মেডিকেল’

348

অসহায় রোগীদেরকে নিজেদের আভ্যন্তরীন দলাদলির বলিতে পরিণত না করতে চিকিৎসকদের প্রতি সবিনয় অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

Advertisement

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মবিরতি পালনরত ইন্টার্ন চিকিৎসকদের প্রতি তিনি এ অনুরোধ জানান।

এ সময় তিনি বলেন, করোনা মহামারীতে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাড়িয়ে চিকিৎসকরা যেভাবে মানুষের জীবনের ফুল ফোটাচ্ছেন তা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। চিকিৎসকদের অনুপ্রাণিত ভুমিকা একজন রোগীকে মৃত্যুর দুয়ার থেকে জীবনের দুয়ারে নিয়ে আসে। কোভিড চিকিৎসায় অনেক চিকিৎসকও অকালে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। একজন অসহায় রোগীর একমাত্র আশ্রয়স্থল হচ্ছে মেডিকেল।

মেডিকেলে মানুষ আশ্রয় পায়, চিকিৎসা পায়। প্রতিদিন চট্টগ্রাম মেডিকেলে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য প্রবেশ করে এবং চিকিৎসা শেষ করে নিজ গন্তব্যে ফিরে যায়। অত্যন্ত দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম মেডিকেল কলেজে বিভিন্ন সাংগঠনিক ঘটনায় বারবার রোগীদের জিম্মি করা হচ্ছে।

বর্তমানে যে ঘটনার জন্য কর্মবিরতি, এ পরিস্থিতির জন্য কোন অবস্থাতেই রোগীরা দায়ী নয়। এ ঘটনা কোন চিকিৎসকের সাথে রোগীর নয়, তবে কেন বারবার রোগীদের জিম্মি করা হবে? সামান্য তুচ্ছ ঘটনায় রোগীদের জিম্মি করা অনভিপ্রেত ও অমানবিকও বটে। সাংগঠনিক বিষয় নিয়ে কিছুদিন পরপর এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে যা সচেতন মহলের কাম্য নয়। আমরা চাই মেডিকেল রোগীদের চিকিৎসা এবং গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে উঠুক। সাংগঠনিক বিষয়ে মতবিরোধ থাকতে পারে তবে তা আভ্যন্তরীনভাবে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। যদি তা সম্ভব না হয় তাহলে দেশের প্রচলিত আইন আদালতের মাধ্যমে সমাধান করা হোক। কোন অবস্থাতেই রোগী সাধারণকে জিম্মি করে কোন কিছু আদায় করা মানবিক কাজ হতে পারে না।

বর্তমানে সারা বিশ্ব একটি কঠিন মাহামারী পরিস্থিতি মোকাবেলা করছে। বাংলাদেশও এর বাহিরে নয়। কখন যে কাকে মরনব্যাধি এ ভাইরাস আক্রমন করবে তা সবার অজানা। এরকম একটি মূহুর্তে সবারই মানবিক আচরন করা উচিত বলে আমরা মনে করি। চট্টগ্রাম মেডিকেল বর্তমানে নগরীতে কোভিড চিকিৎসায় অনন্য নজির স্থাপন করেছে যা চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টা ছাড়া সম্ভব হতো না। তাই রোগীর জীবনকে সবার উর্দ্ধে স্থান দিয়ে কর্মবিরতি পালনরত ইন্টার্ন চিকিৎসকদের রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত করার অনুরোধ জানান তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করেন জাতীয় গুরুত্বপূর্ণ এ পরিস্থিতিতে সিনিয়র চিকিৎসক, বিএমএ, স্বাধীনতা চিকিৎসক পরিষদসহ সর্বস্তরের চিকিৎসকগণ আলাপ আলোচনার মাধ্যমে উদ্ভুত পরিস্থিতির সমাধান করবে।

সুজন উদ্ভুত পরিস্থিতি নিরসনে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরকে ফোন করে সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করে পরিস্থিতি সমাধান করার সবিনয় অনুরোধ জানান।

Advertisement