সীতাকুণ্ড প্রতিনিধি: সংসারের হাল ধরতে পরিবারের মায়া-মমতা ত্যাগ করে ৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমান কাজি রানা (২৬)। ভাগ্যের নির্মম পরিহাস, মাত্র ৬ মাসের ভিতরে দেশে লাশ হয়ে ফিরছেন তিনি।
রোববার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে সৌদি আরবের রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় সীতাকুণ্ড পৌরসভার ৫ নং ওয়ার্ড ভূঁইয়া পাড়ার আব্দুল গনি ভুঁইয়া বাড়ির কাজি মোঃ শাহজাহানের ছেলে কাজি রানা। সে গত ৬ মাস পূর্বে কর্মসূত্রে সৌদি আরবে যান। সেখানকার রিয়াদ শহরে একটি ফুড কোম্পানীর ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিল। গত শুক্রবার ফুড ডেলিভারি করে নিজ বাসার সামনে গাড়ি পার্কিং করার সময় পিছন থেকে একটি দ্রুতগামী প্রাইভেট কার এসে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। এসময় স্থানীয়দের সহযোগীতায় পুলিশ তাকে আশঙ্কাজনক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রবিবার রাত ৯টার সময় মারা যান।
নিহতের পিতা কাজি শাহজাহান বলেন, আমার ছেলে কাজি রানা গত ছয় মাস পূর্বে প্রথমবারের মতো সৌদি আরব যান। দুই ছেলের মধ্যে সে ছিল বড়। তার লাশ দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে।

















