সীতাকুণ্ডে গণসংযোগে জামায়াতের নারী নেতাকর্মীদেরকে হেনস্তা, স্মারকলিপি প্রদান

1000

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে মহিলা জামায়াতের নেতাকর্মীদেরকে দাঁড়িপাল্লার প্রচারে বাঁধা দিয়ে হেনস্তা করার অভিযোগ ওঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়াও মহিলা জামায়াতের কর্মীদের মিথ্যা অপবাদ দিয়ে তাদের কাছ থেকে সাংগঠনিক খাতা কেড়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এছাড়া গণভোটে হা ভোটের পক্ষে প্রচার না করার হুমকি দিচ্ছে। এ ঘটনায় মহিলা জামায়াতের পক্ষ থেকে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন।

Advertisement

বুধবার বিকালে উপজেলা মহিলা জামায়াতের নেতৃবৃন্দ সহকারী রির্টানিং অফিসার, সীতাকুণ্ড মডেলা থানা এবং র‍্যাব কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত সোমবার বিকাল চারটায় সীতাকুণ্ড পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ইদিলপুর গ্রামের জেবল হোসেনের বাড়িতে গণসংযোগে গেলে জামায়াতের মহিলা দায়িত্বশীলদের সাথে বিএনপি সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, যুবদল কর্মী আরিফ হোসেন সেখানে এসে হট্টগোল সৃষ্টি করে। একপর্যায়ে তারা মহিলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল মোর্শেদা বেগমকে গালিগালাজ করে। এসময় আরিফ ও সোহাগ তাদেরকে আইডি কার্ড নিচ্ছে এবং বিকাশ নম্বর তালিকা করছে বলে হেনস্তা করে। আর কোনদিন যেন না আসে সেজন্য বারবার হুমকি দিতে থাকে।

সীতাকুণ্ড উপজেলা মহিলা জামায়াতের সেক্রেটারি রেহানা বেগম বলেন, নির্বাচনে সবার সমান অধিকার রয়েছে। বিএনপির মহিলা প্রতিদিনই বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীর জন্যে গণসংযোগ করছেন। আমরাও আমাদের প্রার্থীর জন্যে গণসংযোগ করছি। কিন্তু বিএনপির লোকজন আমাদেরকে হেনেস্তা করছে। আমাদের নির্বাচনী কার্যক্রমে নারী কর্মীরা যখন কাজ করতে বের হচ্ছেন, তখন তাদের নাজেহাল করা হচ্ছে, অপদস্ত করা হচ্ছে। কোনো কোনো জায়গায় খুবই লজ্জাজনকভাবে তাদের নেকাব থাকলে নেকাব খোলার জন্য বলা হচ্ছে। বিএনপির লোকজন ভোটারদের কাছ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ নিয়ে জামায়াতের বিরুদ্ধে উল্টা মিথ্যাচার করছে। দলের পক্ষ থেকে সহকারী রির্টানিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।

Advertisement