কর্মচারীকে জিম্মি করে খামার থেকে ৪০ ছাগল লুট

88

ফিরোজ মাহমুদ, মিরসরাই প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে এক জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

Advertisement

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরে নিজামপুর রেলস্টেশনের পূর্ব পাশে খামার কর্মচারীকে জিম্মি করে এই লুটের ঘটনা ঘটে। খামার মালিক এস.এম আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের বাসিন্দা। তিনি হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

খামার মালিক আবু হেনা কায়সার বলেন, আমার বাড়ি উপজেলার হাইতকান্দি ইউনিয়নে হলেও পাশের ইউনিয়ন ওয়াহেদপুরে কর্মচারী রেখে দুই বছর ধরে ছাগলের খামারটি করছি। খামারে ৫ লাখ টাকা মূল্যের ছোট-বড় চল্লিশটি ছাগল ছিল। মঙ্গলবার রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে গাড়ি নিয়ে এসে বেশ কয়েকজন ধারালো অস্ত্রের মুখে আমার কর্মচারীকে বেঁধে খামার থেকে ৪০টি ছাগল নিয়ে গেছে। আমি বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। প্রয়োজন হলে লিখিত অভিযোগ করবো।

খামারের কর্মচারি নুরুল আফছার বলেন, রাতে ছাগলের ডাক শুনে আমি ছুটে যাই। তাঁরা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধে সব ছাগল নিয়ে গেছে। রাস্তায় কতটুকু নিয়ে ছেড়ে দিয়ে বলে তুই বাড়িতে চলে যা। এখানে আর থাকবি না। এসময় সিসিটিভি ক্যামেরা ও খাদ্যের কয়েকটি বস্তা নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আইসি পুলিশ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, মধ্যম ওয়াহেদপুর ইউনিয়নে এক ব্যক্তির খামারে কর্মচারীকে বেঁধে কিছু ছাগল নিয়ে গেছে এমন অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement