সীতাকুণ্ড ইকোপার্কে ৭ বছরের শিশুকে হত্যাচেষ্টা

65

আশরাফ উদ্দিন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে দিন দিন বাড়ছে অপরাধ প্রবণতা। সর্বশেষ পৌরসভাধীন ইকোপার্ক এলাকায় এক শিশুকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

Advertisement

রোববার (১ মার্চ) সকালে ইকোপার্ক এলাকা থেকে ৭ বছর বয়সী হীরা নামে এক শিশুকন্যাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ।

জানা যায়, ইকোপার্ক এলাকায় একটি শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হীরা উপজেলার কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের মো. নুর হোসেনের কন্যা বলে জানা গেছে।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, শিশুটির গলায় জবাইয়ের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে ইকোপার্কে বেড়ানোর কথা বলে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করে এবং মৃত ভেবে ফেলে রেখে যায়। হাসপাতালে নেওয়ার পর শিশুটি অনেক কষ্টে তার নাম-পরিচয় জানাতে সক্ষম হয়। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মো. আলমগীর।

এদিকে সাম্প্রতিক সময়ে সীতাকুণ্ডে চুরি-ডাকাতি, ছিনতাই ও বিভিন্ন অপরাধের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। স্থানীয়দের দাবি, পর্যটন এলাকা ও জনবহুল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

Advertisement