বিশ্ববাজারের প্রভাবে দেশে আবারও বেড়েছে সোনার দাম

24

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। একদিন আগেই কমার পর এবার ভরিতে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে, যা ক্রেতাদের জন্য নতুন চাপ তৈরি করেছে। একই সঙ্গে রুপার দামও কিছুটা বেড়েছে।

Advertisement

বিশ্ববাজারে খাঁটি সোনা ও রুপার মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে নতুন মূল্য নির্ধারণ করেছে। শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যা আগের দিনের তুলনায় ৫ হাজার ৪৮২ টাকা বেশি। ২১ ক্যারেটের সোনার ভরি বিক্রি হবে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

বাজুস জানিয়েছে, ভালো মানের ২২ ক্যারেটের রুপার দামও ভরিতে ১৭৫ টাকা বেড়ে ৪ হাজার ৬৬৬ টাকায় উন্নীত হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ মূল্য কার্যকর থাকবে।

সংগঠনটি আরও জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সোনার ওপর ভ্যাট কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় প্রতি ভরি সোনার গয়নার ওপর নির্ধারিত ভ্যাট হবে ২ হাজার ৫০০ টাকা, যেখানে আগে মোট মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হতো।

অলংকারের নকশা ও মজুরির ভিত্তিতে অতিরিক্ত মূল্য নির্ধারিত হবে। তবে রুপার অলংকারের ভ্যাট সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে বাজুস।

Advertisement