মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক মানসিক সহায়তা সম্পর্কে ধারণা দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘Mental Health Ambassador 2026 – Chattogram’। শনিবার (৪ জুলাই) নেভি কনভেনশন সেন্টারে LifeSpring Consultancy Ltd.-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৫ শতাধিক মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য নিয়ে বিশেষ আলোচনা করেন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞরা। ডা. মুনমুন জাহান তিন বছরের শিশুর দুশ্চিন্তা, মননশীলতা (Mindfulness) এবং মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরেন। সেশনের শেষে তিনি অংশগ্রহণকারীদের নিয়ে একটি মেডিটেশন পরিচালনা করেন।
ডা. আরাফাত আজিম তার বক্তব্যে Maslow’s Hierarchy of Needs তত্ত্বের আলোকে শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করেন। অন্যদিকে ডা. মৌমিতা পাল (মৌসুমি) তথ্যসমৃদ্ধ একটি স্লাইড উপস্থাপনার মাধ্যমে শিশুদের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক এবং সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এতে আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুল, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম, নেভী অ্যাংকারেজ স্কুল অ্যান্ড কলেজ, রোভার্স স্কাউট, আশার আলো, শিশু নিকেতন ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর প্রতিনিধিসহ সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, পুলিশ, নৌবাহিনী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে নিজ নিজ পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে Mental Health Ambassador হিসেবে ভূমিকা রাখতে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
শিক্ষা প্রতিষ্ঠানের এই প্রতিনিধিদের পাশাপাশি সমাজের মূল চালিকাশক্তি সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, পুলিশ ও নৌবাহিনীর কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার সংবেদনশীল মানুষ এক ছাদের নিচে এসেছিলেন শিশুর মনের ভাষা বুঝতে।
যেন এখান থেকে ফিরে গিয়ে তাঁরা নিজ নিজ পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে পারেন, ভাঙতে পারেন এই বিষয়ে জমে থাকা সামাজিক জড়তা (Taboo)।
চট্টগ্রামের এই বিকেলটি হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু পাঁচ শতাধিক মানুষের মনে যে সচেতনতার বীজ বুনে দেওয়া হলো, তা আগামী দিনে এক সুস্থ ও সুন্দর মানসিকতাসম্পন্ন প্রজন্ম গঠনে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে এমনটাই প্রত্যাশা সবার।

















