সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে লার্ভিসাইড স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল প্রাঙ্গণে স্প্রে করার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজন সবার সচেতনতা, সবাই মিলে সমন্বিতভাবে কাজ করলে ডেঙ্গু নিয়ন্ত্রন করা সহজ হবে। বাসা-বাড়ির আশেপাশে পরিত্যক্ত পাত্রে পানি জমে থাকতে না দেয়া। সবাই যার যার অবস্থান থেকে সচেতনতা তৈরি করতে হবে। কর্মসূচি চলাকালীন তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিষ্কার- পরিচ্ছন্নতা ও চিকিৎসা সেবার মান উন্নয়ন নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেনের সঙ্গে মতবিনিময় করেন। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত ফগিং, লার্ভিসাইডিং এবং সচেতনতা কার্যক্রম জোরদারের গুরুত্বও তুলে ধরেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের, পৌরসভার আমীর হাফেজ আলী আকবর, মুরাদপুর ইউনিয়ন আমীর শহিদুল ইসলাম, কুমিরা ইউনিয়ন সহকারী সেক্রেটারি এজাহারুল ইসলামসহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ।

















