ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬: দুই দক্ষতায় বাংলাদেশের দুই প্রতিযোগী

47

মোঃ তৌহিদুল ইসলাম : চীনের শাংহাইয়ে শুরু হয়েছে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ও ওয়ার্ল্ডস্কিলস কনফারেন্স ২০২৬। বৈশ্বিক এ আয়োজনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সচিব ড. নাজনীন কাউসার চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।

Advertisement

ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় বাংলাদেশের দুইজন প্রতিযোগী দুটি দক্ষতা ইভেন্টে অংশ নিচ্ছেন। তারা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং কম্পিউটার সফটওয়্যার টেস্টিং দক্ষতায় প্রতিযোগিতা করছেন। দুই প্রতিযোগীর সঙ্গে রয়েছেন দুইজন দক্ষতা বিশেষজ্ঞ, যারা তাঁদের কারিগরি তত্ত্বাবধান করছেন।

২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওয়ার্ল্ডস্কিলসের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ৬৮টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৩৮৫ জন প্রতিযোগী ৬৪টি দক্ষতা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

চীনের শাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টার-এ ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মূল দক্ষতা প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার বিভিন্ন কর্মশালায় তরুণ দক্ষ কর্মীরা নির্ধারিত প্রকল্প সম্পন্ন করে নিজেদের কারিগরি ও পেশাগত দক্ষতা প্রদর্শন করছেন।

দুই দক্ষতায় বাংলাদেশের অংশগ্রহণ

এবারের আসরে বাংলাদেশের দুই প্রতিযোগী মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এবং কম্পিউটার সফটওয়্যার টেস্টিং দক্ষতায় অংশ নিচ্ছেন। দুটি দক্ষতাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অন্তর্ভুক্ত।

ওয়ার্ল্ডস্কিলসের আয়োজক তথ্য অনুযায়ী, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রতিযোগিতা ৬.২ নম্বর হলে এবং সফটওয়্যার টেস্টিং প্রতিযোগিতা ৪.১ নম্বর হলে অনুষ্ঠিত হচ্ছে।

এবারের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের তরুণ দক্ষ কর্মীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কারিগরি সক্ষমতা প্রদর্শনের সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থার সঙ্গে আন্তর্জাতিক দক্ষতা প্রতিযোগিতার সংযোগ আরও দৃশ্যমান হয়েছে।

৬৪ দক্ষতার বৈশ্বিক প্রতিযোগিতা

ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এ উৎপাদন ও প্রকৌশল প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নির্মাণ ও ভবন প্রযুক্তি, পরিবহন ও সরবরাহ ব্যবস্থা, সৃজনশীল শিল্প ও ফ্যাশন এবং সামাজিক ও ব্যক্তিগত সেবাসহ ছয়টি প্রধান খাতে মোট ৬৪টি দক্ষতায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

দক্ষতার তালিকায় রয়েছে ওয়েল্ডিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্যাড, ইন্ডাস্ট্রিয়াল মেকানিকস, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, নবায়নযোগ্য জ্বালানি, মেকাট্রনিকস, ইলেকট্রনিকস, সফটওয়্যার টেস্টিং, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং, ওয়েব টেকনোলজি, বৈদ্যুতিক স্থাপন, প্লাম্বিং ও হিটিং, অটোমোবাইল প্রযুক্তি, বেকারি ও রান্নাসহ বিভিন্ন পেশাভিত্তিক দক্ষতা।

এবারের প্রতিযোগিতায় সাতটি নতুন দক্ষতাও যুক্ত হয়েছে। এগুলো হলো ডেন্টাল প্রস্থেটিকস, ডিজিটাল মিডিয়া ইন্টারঅ্যাকটিভ ডিজাইন, ইন্টেলিজেন্ট সিকিউরিটি টেকনোলজি, রেল ভেহিকল টেকনোলজি, রিটেইল সেলস, সফটওয়্যার টেস্টিং এবং আনম্যানড এরিয়াল সিস্টেমস।

কনফারেন্স ও দক্ষতা উন্নয়ন

মূল প্রতিযোগিতার পাশাপাশি ওয়ার্ল্ডস্কিলস কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বরের এই কনফারেন্সে নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা, শিল্প খাতের প্রতিনিধি, শিক্ষাবিদ ও তরুণরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করছেন।

এ ছাড়া ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬ এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। সেখানে দক্ষতার প্রদর্শনী, হাতে-কলমে বিভিন্ন কার্যক্রম এবং বিষয়ভিত্তিক প্রদর্শনীর আয়োজন রয়েছে।

বাংলাদেশের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক সংযোগ

বাংলাদেশ ২০১৭ সালে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সদস্যপদ লাভ করে এবং ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক দক্ষতা প্রতিযোগিতায় প্রতিযোগী পাঠিয়ে আসছে বলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের তথ্য থেকে জানা যায়। এনএসডিএর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জাতীয় দক্ষতা প্রতিযোগিতায় নির্বাচিত প্রতিযোগীদের ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এ অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল।

সাংহাইয়ের এবারের আয়োজন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক দক্ষতার মান, আধুনিক প্রযুক্তি এবং বিশ্ব শ্রমবাজারের চাহিদার সঙ্গে দেশের কারিগরি ও পেশাগত দক্ষতা উন্নয়ন ব্যবস্থার সংযোগ আরও শক্তিশালী করার একটি সুযোগ তৈরি করেছে।

ওয়ার্ল্ডস্কিলস সাংহাই ২০২৬-এর মূল দক্ষতা প্রতিযোগিতা ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। একই সময়ে শাংহাইয়ে দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষাবিষয়ক বিভিন্ন কার্যক্রমও অনুষ্ঠিত হচ্ছে।

Advertisement