নিজস্ব প্রতিবেদন | চট্টলা নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটির কেন্দ্রীয় দপ্তর।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক নোটিশে তাঁকে তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, সাদিয়া আফরিনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। এ অবস্থায় সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিধি অনুযায়ী, তাঁর বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশ অনুযায়ী, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যাসহ জবাব কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান এবং কেন্দ্রীয় দপ্তর বরাবর সশরীরে জমা দিতে হবে।
এদিকে, শোকজের বিষয়ে জানতে চাইলে সাদিয়া আফরিন গণমাধ্যমকে জানান, তাঁকে কেন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি এখনো বিস্তারিত জানেন না। নোটিশের বিষয়বস্তু সম্পর্কে অবগত হওয়ার পর এ বিষয়ে বক্তব্য দেবেন বলেও জানান তিনি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বিষয়টিকে দলের অভ্যন্তরীণ সাংগঠনিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন।
তবে শোকজের মাধ্যমে এখনো তাঁর বিরুদ্ধে কোনো চূড়ান্ত সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে তাঁর জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

















