নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন ও সদস্য সচিব হাজী মো. হোসেন এর রোগমুক্তি কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বাদ আছর হযরত খাজা গরীবউল্লাহ্ শাহ্ (রহঃ) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন ২০২০ সালে বাংলাদেশে সর্বপ্রথম করোনাভাইরাসের রোগী সনাক্ত হওয়ার আগে থেকেই এ ভাইরাস থেকে জনগনকে সচেতন করার কাজে নিয়োজিত ছিলেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
নাগরিক উদ্যোগের ব্যানারে নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে এ ভাইরাস থেকে সচেতন থাকতে প্রচারণা, মাস্ক, সাবানসহ সুরক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে জনসাধারণকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করতেন তিনি। কখনো হাট, বাজার, শপিংমল কখনো বা বাস টার্মিনাল আবার কখনো বা বিভিন্ন হাসপাতালে ছুটে যেতেন তিনি। লক্ষ্য ছিলো একটাই জনগন যাতে সুরক্ষিত থাকে এবং কেউ আক্রান্ত হলে যেনো সুচিকিৎসাটা পায়।
নাগরিক উদ্যোগের গৃহীত পদক্ষেপগুলো তখন সর্বমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। জনগন অনেকটা স্বস্তি পেতে শুরু করে। পরবর্তীতে ২০২০ সালের ৬ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পান তিনি। করপোরেশনের দৈনন্দিন দায়িত্ব পালনের পাশাপশি প্রায় প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকায় ছুটে যেতেন খোরশেদ আলম সুজন। নগরবাসীকে সচেতন করতেন, পাশাপাশি মাস্ক, সাবানসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করতেন। করোনাকালে সবাই যখন নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন, তখন তিনি প্রায়শই মানুষের পাশে ছুটে যেতেন, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করতেন। এভাবে কাজ করতে গিয়ে তিনি সস্ত্রীক প্রথম বারের মতো করেনায় আক্রান্ত হন। প্রায় পনেরো দিন আইসোলেশনে থেকে সুস্থ হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসকের মেয়াদকাল শেষে আবারো জনদুর্ভোগ লাঘবে মাঠে নেমে পড়েন তিনি।
বর্তমানে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমন বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই পুনরায় জনগনকে সচেতন করতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে নাগরিক উদ্যোগ। পাশাপাশি চলতে থাকে মাস্ক, সাবানসহ সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম। এ কার্যক্রমগুলো পরিচালনা করতে গিয়ে বিভিন্ন জনসমাগমস্থানে স্বশরীরে উপস্থিত হন সুজন। ফলে ফের করোনায় আক্রান্ত হন তিনি। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন সুজন।
এছাড়া অসুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন সংগঠনের সদস্য সচিব হাজী মো. হোসেন।
নাগরিক উদ্যোগের পক্ষ থেকে মহান আল্লাহতায়ালার দরবারে উভয়ের রোগমুক্তি কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল করা হয় আজ।
এসময় অন্যান্যদের মধ্যে নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, মো. নিজাম উদ্দিন, মো. নাজিম উদ্দীন, নুরুল আবছার আজম খান, নুরুল কবির, মো. ইলিয়াছ, গিয়াস উদ্দিন চৌধুরী, মোরশেদ আলম, আবুল হাসান সৈকত, মো. শাহজাহান, মো. সাইফুল্লাহ আনছারী, শহীদ উল্ল্যাহ লিটন, সোলেমান সুমন, মো. ওয়াসিম, মো. জাহাঙ্গীর, আরাফাত রুবেল, মনিরুল হক মুন্না, ইয়াসিন আরাফাত আরমান, হাসানুজ্জামান তানিম, ওয়াহিদ উল্ল্যাহ চৌধুরী, ফয়সাল ওয়াসি, আলী নেওয়াজ রাকিব, মো. ইমতিয়াজসহ সাধারণ মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।
















