ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের সপ্তম ম্যাচে দিল্লী ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। ১৬.২৫ কোটি রুপি দামের ক্রিস মরিসের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষদিকে এসে নাটকীয় জয় পায় রাজস্থান।
মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান জড়ো করে দিল্লী। দলের পক্ষে অর্ধশতক হাঁকান অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশভ পান্ট। ৯টি চারের সহায়তায় ৩২ বলে ৫১ রান করে তিনি সাজঘরে ফিরলে খেই হারায় দল। অন্য কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি।
দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান (১৬ বলের মোকাবেলায়) আসে টম কারানের ব্যাট থেকে, যিনি মুস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হন। কারান ছাড়াও মুস্তাফিজ শিকার করেন মার্কাস স্টয়নিসকে। ৪ ওভার বল করে ২৯ রান খরচ করা মুস্তাফিজ অবশ্য আরও উইকেটের দেখা পেতেন যদি ভাগ্য পক্ষে থাকত। উজ্জ্বল ছিলেন জয়দেব উনাদকাটও, ১৫ রানের খরচায় শিকার করেন ৩ উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাঞ্জু স্যামসনের দল। পরাজয়কে যখন কেবল সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল, তখন ব্যাট হাতে চড়াও হন ডেভিড মিলার। আসরে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া মিলার সাজঘরে ফেরার আগে করেন ৬২ রান, ৪৩ বলের মোকাবেলায়; হাঁকিয়েছেন ৭টি চার ও ২টি ছক্কা।
তার বিদায়ের পর দলের হাল ধরেন মরিস। ১৮ বলে ৩৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন ২ বল ও ৩ উইকেট বাকি থাকতেই। কোনো চার না হাঁকালেও মরিসের ব্যাট থেকে আসে ৪টি ছক্কা। ৭ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন উনাদকাট।
সংক্ষিপ্ত স্কোর
টস : রাজস্থান রয়্যালস
দিল্লী ক্যাপিটালস : ১৪৭/৮ (২০ ওভার)
পান্ট ৫১, কারান ২১
উনাদকাট ১৫/৩, মুস্তাফিজ ২৯/২
রাজস্থান রয়্যালস : ১৫০/৭ (১৯.৪ ওভার)
মিলার ৬২, মরিস ৩৬* তেভাটিয়া ১৯
আভেশ ৩২/৩, ওকস ২২/২
ফল : রাজস্থান রয়্যালস ৩ উইকেটে জয়ী।

















