আবির্ভাবেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন, কারণ নাম যে তার শাহরুখ খান! তার ওপর খেলছেন প্রীতি জিনতার দলে। পাঞ্জাব কিংসের তরুণ ক্রিকেটার শুক্রবার (১৬ এপ্রিল) জ্বলে উঠেছিলেন ব্যাট হাতে। তবে সতীর্থদের ব্যর্থতায় বরণ করেছেন শোচনীয় পরাজয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ৮ম ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। আসরে এটি চেন্নাইয়ের প্রথম জয়। অন্যদিকে পাঞ্জাব প্রথম ম্যাচে জিতলেও এই ম্যাচে পেল প্রথম পরাজয়ের স্বাদ।
মুম্বাইয়ে প্রথমে ব্যাট করতে নামা পাঞ্জাব পড়ে ব্যাটিং বিপর্যয়ে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৬ রান জড়ো করে দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান আসে তামিলনাড়ুর আলোচিত ক্রিকেটার শাহরুখ খানের ব্যাট থেকে। ৩৬ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৪টি চার ও ২টি ছক্কা।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ছিল মাত্র ১৫, জাই রিচার্ডসনের ব্যাটে। চেন্নাইয়ের পক্ষে দীপক চাহার একাই শিকার করেন ৪ উইকেট।
জয়ের সহজ লক্ষ্যে খেলতে নেমে চেন্নাই জয় পেয়ে যায় ১৫.৪ ওভারেই। যদিও হারাতে হয়েছে চারটি উইকেট। ওপেনার রুটুরাজ গাইকোয়াদ ১৬ বলে মাত্র ৫ রান করেন। মঈন আলী ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। ৩১ বলের মোকাবেলায় ৭টি চার ও ১টি ছক্কায় ৪৬ রান করেন তিনি, ৪ রানের জন্য পাননি অর্ধশতকের দেখা। সুরেশ রায়না ৮ ও আম্বাতি রাইডু শূন্য রানে সাঝঘরে ফিরলেও ৩৩ বলে ৩৬ রানে অপরাজিত ফাফ ডু প্লেসিস জয় নিয়ে মাঠ ছাড়েন।
পাঞ্জাবের পক্ষে ২১ রানের খরচায় ২ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি।
সংক্ষিপ্ত স্কোর
টস : চেন্নাই সুপার কিংস
পাঞ্জাব কিংস : ১০৬/৮ (২০ ওভার)
শাহরুখ ৪৭, জাই ১৫
দীপক ১৩/৪, ব্রাভো ১০/১
চেন্নাই সুপার কিংস : ১০৭/৪ (১৫.৪ ওভার)
মঈন ৪৬, ডু প্লেসিস ৩৬*
শামি ২১/২, আরশদ্বীপ ৭/১
ফল : চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে জয়ী।

















