ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নবম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১৩ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগের ম্যাচে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে ১৫২ রানের পুঁজি নিয়েই জিতেছিল রোহিত শর্মার দল। এই ম্যাচে আইপিএলের সবচেয়ে সফল দল জিতেছে ১৫০ রান নিয়েই। জয়হীন হায়দরাবাদের এটি টানা তৃতীয় পরাজয়।
শনিবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান জড়ো করে মুম্বাই। দলের পক্ষে কুইন্টন ডি কক ৩৯ বলে ৪০, কাইরন পোলার্ড ২২ বলে অপরাজিত ৩৫ ও রোহিত শর্মা ২৫ বলে ৩২ রান করেন। ঈশান কিষাণ এদিন ১২ রান করতে খরচ করেছেন ২১ বল।
বোলিংবান্ধব উইকেটের সুবিধা কাজে লাগিয়ে আঁটসাঁট ছিলেন রশিদ খান, যদিও পাননি কোনো উইকেট। মুজিব উর রহমান ও বিজয় শঙ্কর শিকার করেন দুটি করে উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা পায় হায়দরাবাদ। উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো এনে দেন ৬৭ রান। ওয়ার্নার ৩৪ বলে ৩৬ ও বেয়ারস্টো ২২ বলে ৪৩ রান (৩টি চার ও ৪টি ছক্কা) হাঁকিয়ে বিদায় নিলে খেই হারায় দল।
মুম্বাইয়ের বোলার-ফিল্ডাররা হায়দরাবাদকে চেপে ধরলে ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়ার্নারের দল। বিজয় শঙ্করের ২৫ বলে ২৮ রানের ইনিংস শেষ চেষ্টা করলেও সফল হতে পারেনি। নির্ধারিত ২০ ওভারও ব্যাট করতে পারেনি হায়দরাবাদ, তার আগেই গুটিয়ে যায় ১৩৭ রানে।
তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া মুম্বাইয়ের পক্ষে রাহুল চাহার ও ট্রেন্ট বোল্ট তিনটি করে উইকেট শিকার করেন। ৪ ওভার বল করে মাত্র ১৪ রানের খরচায় একটি উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোর
টস : মুম্বাই ইন্ডিয়ান্স
মুম্বাই ইন্ডিয়ান্স : ১৫০/৫ (২০ ওভার)
ডি কক ৪০, পোলার্ড ৩৫*, রোহিত ৩২
বিজয় ১৯/২, মুজিব ২৯/২
সানরাইজার্স হায়দরাবাদ : ১৩৭/১০ (১৯.৪ ওভার)
বেয়ারস্টো ৪৩, ওয়ার্নার ৩৬, বিজয় ২৮
রাহুল ১৯/৩, বোল্ট ২৮/৩, বুমরাহ ১৪/১
ফল : মুম্বাই ইন্ডিয়ান্স ১৩ রানে জয়ী।

















