নগরের পাহাড়তলী থানার নিকটে পারিবারিক বিরোধের জের ধরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কায়সার নামে এক যুবক খুন হয়েছেন।
বৃহস্প্রতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ খুনের ঘটনা ঘটে। এর আগে দুই পরিবারের মধ্যে দিনভর ঝগড়া হয়েছিল।
অভিযুক্ত সৎ ভাই সাজ্জাদ হোসেন যুবলীগের নাম ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ। এর আগে ২৭ মার্চ অপর সৎ ভাই মাইনুদ্দিন উজ্জলকে ছুরিকাঘাত করা হয়। এদিকে ঘটনার পরপরই পাহাড়তলী থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
নিহত কায়সারের পরিবার জানায়, জায়গা জমিন সংক্রান্ত বিরোধের জেরে কায়সারকে জবাই করে হত্যা করা হয়। তাদের জায়গার উপর অবৈধ ভাবে বিল্ডিং তৈরি করায় বাধা দেয় কায়সার।
তারা জানান, যুবলীগ এর নাম বিক্রি করে সাজ্জাদ হোসেন এলাকার জায়গা জমিন দখল করত। এর আগেও কায়সারকে ছুরিকাঘাতে মারতে চেয়েছিলেন সাজ্জাদ।
পাহাড়তলী থানার ওসি ইমাম হোসেন জানান, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে। মামলা হওয়ার পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

















