স্যার আশুতোষ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিনের ইন্তেকাল

181

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ মহিউদ্দিন (৭০) গত ২ আগস্ট শনিবার বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের কাতালগঞ্জস্থ বেসরকারী পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

Advertisement

গতকাল ৩ আগস্ট রোববার সকাল ১০টায় মিরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের রাজাপুর গ্রামের নিজবাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানকার পরিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয়।

মরহুম প্রফেসর মোঃ মহিউদ্দিন কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের পূর্বে নগরীর সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল, মিরসরাই আবু তোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রতিষ্টাকালীন প্রিন্সিপাল হিসেবে সুনামের সাথে দায়িত্বপালন করেন।

প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মোঃ মহিউদ্দিনের ইন্তেকালে ছাত্র-ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মানুষ গড়ার কারিগর হিসেবে পরিচিত তাঁর ছাত্র-ছাত্রীদের অনেকে এখন দেশে বিদেশে প্রতিষ্ঠিত। প্রফেসর মোঃ মহিউদ্দিনের ইন্তেকালের খবরে সাবেক সহকর্মী, ছাত্র-ছাত্রীসহ অনেকেই শোক ও সহমর্মিতা জানাতে হাসপাতালে ছুটে যান।

শোক প্রকাশ: শিক্ষাবিদ প্রফেসর মোঃ মহিউদ্দিনের মৃত্যুতে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারী কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর পার্থ প্রতীম ধরসহ সকল শিক্ষক-কর্মচারী ও কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

Advertisement