সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে সিপিবি’র প্রার্থী মছিউদদৌলা’র মতবিনিময়

451

সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮১ চট্টগ্রাম- সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কাস্তে মার্কার মোঃ মছিউদদৌলা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

Advertisement

মঙ্গলবার (২৭ জানুয়ারী) দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোঃ মছিউদদৌলা বলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আজীবন মেহনতী শ্রমিক শ্রেণীর অধিকার নিয়ে কাজ করে আসছে। সীতাকুণ্ড উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে দেশের বড় বড় শিল্প কলকারখানা গড়ে উঠেছে। কিন্ত এখানকার লোকজনের চাকরী হয়না। এ উপজেলার বহু শিক্ষিত যুবক বেকার। কোন চাকরী নেই। এছাড়া অপরিকল্পিত শিল্প কলকারখানার ফলে কৃষি জমি হ্রাস পাচ্ছে। কাস্তে মার্কার প্রার্থী বিজয়ী হলে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে পরিবেশবান্ধব ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করা হবে। একই সঙ্গে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। জুট মিলস, শিপ ইয়ার্ডসহ সকল শিল্প কলকারখানার শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করা হবে।

তিনি বলেন, নির্বাচনে টাকার খেলা, পেশিশক্তির প্রভাব ও সাম্প্রদায়িক শক্তির ধর্ম ব্যবহার বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আগামী সংসদ নির্বাচনে সবার ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসতে এবং শ্রমজীবী মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় কাস্তে মার্কার ভোট দেওয়ার আহবান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মাহবুবুল হক চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, মোঃ জামাল উদ্দিন, নূরুল মোস্তফা, মোঃ ইমরান চৌধুরী, আবু তাহেরসহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement