সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ব্রি’র এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর রাইস ফার্মিং সিস্টেমস বিভাগ কর্তৃক বাস্তবায়িত “রবিশস্য অন্তর্ভুক্তির মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের প্রচলিত পতিত-রোপা আমন শস্য বিন্যাসের উৎপাদনশীলতা বৃদ্ধি” শীর্ষক গবেষণা কার্যক্রমের মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামে উক্ত মাঠ দিবস ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্রি, গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা তাফসিন আরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রি গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমানত উল্লাহ রাজু, ব্রি স্যাটেলাইট স্টেশন চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাঃ আমিনা খাতুন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ বলেন, “এই গবেষণার আওতায় সীতাকুণ্ডে এক ফসলি জমিকে ধাপে ধাপে দ্বি-ফসলি জমিতে রূপান্তরের লক্ষ্যে একটি উন্নত শস্য বিন্যাস বাস্তবায়ন করা হচ্ছে।” বৈজ্ঞানিক কর্মকর্তা তাফসিন আরাফ বলেন, “প্রস্তাবিত শস্য বিন্যাস ‘রবি শস্য- পতিত- রোপা আমন’ মডেলের মাধ্যমে কৃষকের পতিত জমিকে উৎপাদনের আওতায় এনে জমির ব্যবহার দক্ষতা ও সার্বিক উৎপাদনশীলতা বৃদ্ধির সম্ভাবনা যাচাই করা হচ্ছে।” গবেষণার অংশ হিসেবে বর্তমানে মাঠে সূর্যমুখী, সরিষা, ফেলন এবং মুগ ফসলের উপর বিভিন্ন গবেষণা, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব রবি শস্য অন্তর্ভুক্তির মাধ্যমে জমির শস্য নিবিড়তা বৃদ্ধি, মাটির উর্বরতা উন্নয়ন, কৃষকের আয় বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা মূল্যায়ন করা হচ্ছে।
















