ক্যান্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বিশাল সংগ্রহের পথে হাঁটছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ৪ উইকেটে ৪৭৪ রান নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।
২ উইকেটে ৩০২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশ। দ্বিতীয় দিন অবশ্য বৃষ্টি ও অন্ধকারচ্ছন্ন আবহাওয়ার কারণে খেলা হয়েছে মাত্র ৬৫ ওভার, অর্থাৎ ২৫ ওভার কম।
বাংলাদেশের পক্ষে দেড়শ রানের মাইলফলক স্পর্শ করেছেন নাজমুল হোসেন শান্ত। তরুণ ব্যাটসম্যান ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে সাজঘরে ফেরার আগে করেছেন ১৬৩ রান, ৩৭৮ বলের মোকাবেলায়। হাঁকিয়েছেন ১৭টি চার ও ১টি ছক্কা।
এছাড়া শতকের দেখা পেয়েছেন অধিনায়ক মুমিনুল হকও। আগের দিন ১০ রানের জন্য শতক হাতছাড়া করেছিলেন তামিম ইকবাল। মুমিনুল অবশ্য এমন ভুল করেননি। সাবধানী ইনিংস থামবার আগে ৩০৪ বলের মোকাবেলায় ১২৭ রান করেন ১১টি চারের সাহায্যে। শান্তর সাথে তার পার্টনারশিপ গড়েছে কিছু রেকর্ডও।
দ্বিতীয় সেশনে তাদের দুইজনকেই সাজঘরে ফেরাতে সমর্থ হয় স্বাগতিক দল। ৪২৪ রানে মুমিনুলের বিদায়ের পর বৈরি আবহাওয়ায় খেলা বন্ধের আগে ৫০ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ১০৭ বলে ৪৩ ও লিটন ৩৯ বলে ২৫ রান করে অপরাজিত রয়েছেন।
লঙ্কানদের পক্ষে বিশ্ব ফার্নান্দো দুটি এবং লাহিরু কুমারা ও ধনঞ্জয়া ডি সিলভা একটি করে উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)
টস : বাংলাদেশ
বাংলাদেশ ১ম ইনিংস : ৪৭৪/৪ (১৫৫ ওভার)
শান্ত ১৬৩, মুমিনুল ১২৭, তামিম ৯০, মুশফিক ৪৩*, লিটন ২৫*
বিশ্ব ৭৫/২, কুমারা ৮৮/১
















