পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লী ক্যাপিটালস

269

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের একাদশ ম্যাচে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লী ক্যাপিটালস। তৃতীয় ম্যাচে এটি দিল্লীর দ্বিতীয় জয়, অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে পাঞ্জাবের দ্বিতীয় পরাজয়।

Advertisement

রবিবার (১৮ এপ্রিল) মুম্বাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে পাঞ্জাব। দলের পক্ষে অর্ধশতক হাঁকান দুই ওপেনার অধিনায়ক লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল।

রাহুল ও আগারওয়াল মিলে উদ্বোধনী জুটিতে দলকে এনে দেন ১২২ রান। ৭টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৩৬ বলে ৬৯ রান করে সাজঘরে ফেরেন মায়াঙ্ক। দলীয় ১৪১ রানে তাকে অনুসরণ করেন ৫১ বলে ৭টি চার ও ২টি ছক্কা হাঁকিয়ে ৬১ রান করা রাহুলও।

শেষদিকে দীপক হুদার ১৩ বলে অপরাজিত ২২ ও শাহরুখ খানের ৫ বলে অপরাজিত ১৫ রানের ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে পাঞ্জাব।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাবকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও পৃথ্বী শাও। ৩টি চার ও ২টি ছক্কা হাঁকানো পৃথ্বী ১৭ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন। স্টিভ স্মিথ ১২ বলে ৯ ও অধিনায়ক রিশভ পান্ট ১৬ বলে ১৫ রান করে সাজঘরে ফিরলেও দল চাপে পড়েনি ধাওয়ানের ৯২ রানের ইনিংসে; ৪৯ বল মোকাবেলায় যে ইনিংসে ছিল ১৩টি চার ও ২টি ছক্কা।

শেষদিকে মার্কাস স্টয়নিসের ১৩ বলে ২৭ ও ললিত যাদবের ৬ বলে ১২ রানের ইনিংস দলের জয় নিশ্চিত করে ৬ উইকেট ও ১০ বল হাতে রেখেই। ধাওয়ানই পেয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর

টস : দিল্লী ক্যাপিটালস

পাঞ্জাব কিংস : ১৯৫/৪ (২০ ওভার)
আগারওয়াল ৬৯, রাহুল ৬১
আভেশ ৩৩/১, লুকমান ৩২/১

দিল্লী ক্যাপিটালস : ১৯৮/৪ (১৮.২ ওভার)
ধাওয়ান ৯২, পৃথ্বী ৩২, স্টয়নিস ২৭*
জাই ৪১/২, আরশদ্বীপ ২২/১

ফল : দিল্লী ক্যাপিটালস ৬ উইকেটে জয়ী।

Advertisement